দিনাজপুরের হিলি সীমান্তে মঙ্গলবার হুন্ডির প্রায় ১৬ লাখ টাকাসহ দুইজনকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃতরা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভুঁইডোবা গ্রামের বদিউজ্জামানের ছেলে আবু তালেব মিতুন (৩৮) এবং একই উপজেলার দইবদখন নন্দনপুর গ্রামের ইউনুছ আলীর ছেলে আইনুল ইসলাম (৩৫)।
বিজিবির বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহাবুব হোসেন বলেন, হুন্ডির টাকা বহন করা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা হিলি-বিরামপুর সড়কের বড়চড়া বিজিবি চেকপোস্ট এলাকায় অবস্থান নেয়। এসময় দুইজন ব্যক্তি হিরো হোন্ডা মোটরসাইকেল নিয়ে কাছাকাছি এলে বিজিবি সদস্যরা তাদের গতিরোধ করে। পরে তাদের দেহ তল্লাশি করে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় হুন্ডির ১৫ লাখ ৮০ হাজার ৩২০ টাকাসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে তাদের দুইজনকে আসামি করে হাকিমপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা বলেন, তারা ব্যাংক থেকে টাকা উত্তোলণ করে ফুলবাড়িতে ধান কেনার জন্য যাচ্ছিলেন। এসময় বিজিবি আটক করলে তারা টাকার বৈধতার প্রয়োজনীয় প্রমাণ স্বরুপ কাগজপত্রসহ মোটর সাইকেলের ব্লুবুক ও লাইন্সেস দেখাতে চাইলে বিজিবি কোনো আমলে নেয়নি। হুন্ডির টাকার অজুহাত তুলে বিজিবি তাদেরকে আটক করেছে।
ইত্তেফাক/এমআই
