নেত্রকোনায় বখাটের হামলায় স্কুলছাত্রী আহত

আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ১৯:৩৯
নেত্রকোনার কেন্দুয়ায় বখাটের হামলায় এক স্কুলছাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার বাড়ি থেকে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিদ্যালয়ে যাওয়ার পথে বখাটের হামলার শিকার হন তিনি।
 
হামলার শিকার ওই ছাত্রীর চিৎকারে এলাকার লোকজন ছুটে গিয়ে ওই ছাত্রীকে রক্ষা করলেও এ সময় বখাটে পালিয়ে যায়। তবে এলাকাবাসী বখাটের পিতাকে আটক করে।
 
ঘটনার খবর পেয়ে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুতাসিমুল ইসলাম ও ওসি মো. সিরাজুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিশ আহত ওই স্কুলছাত্রী ও আটক বখাটের পিতা আব্দুর রাশিদকে থানায় নিয়ে আসে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের কৈলাটি গ্রামে এ ঘটনা ঘটে। 
 
পুলিশ ও হামলার শিকার স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বার্ষিক পরীক্ষায় (বাংলা দ্বিতীয় পত্র) অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে রওয়ানা হয় ওই ছাত্রী। পথে কৈলাটি গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই গ্রামের আব্দুর রাশিদের বখাটে ছেলে সুমন ওই ছাত্রীর পথরোধ শ্লীলতাহানির চেষ্টা করে।
 
এ সময় ওই ছাত্রী প্রতিবাদ করলে বখাটে সুমন ওই ছাত্রীর মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।  আশুজিয়া ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানান, নবম শ্রেণির ছাত্রীর উপর হামলার এ ঘটনাটি খুবই নিন্দনীয়। এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
 
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। বখাটে সুমনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/এমএইচ