সরকারি কর্মকর্তাদের গাফিলতি থাকলে ব্যবস্থা নেব :স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ২৩:৫৪

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ভেজাল প্যারাসিটামল সেবনে শিশুমৃত্যুর মামলায় সব আসামির খালাস পাওয়ার পেছনে সরকারি কর্মকর্তাদের গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এই ঘটনার সঙ্গে জনগণের স্বার্থ সংশ্লিষ্টতা রয়েছে, জনগণের জীবনমানের প্রশ্ন এর সঙ্গে জড়িত। এ বিষয়ে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। গতকাল মঙ্গলবার সচিবালয়ে ওষুধ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী এ কথা বলেন। ওষুধ প্রশাসনের মামলায় রীড ফার্মাসিউটিক্যালসের সব আসামিকে খালাস দিয়ে আদালতের রায়ের একদিন পর গতকাল স্বাস্থ্যমন্ত্রী এই কথা বলেন। রায় নিয়ে বিচারকের পর্যবেক্ষণ গণমাধ্যমে  দেখে মঙ্গলবার ওষুধ প্রশাসনের কর্মকর্তাদের সচিবালয়ে ডেকে নিয়ে তাদের বক্তব্য শোনার পাশাপাশি প্রতিবেদনের কপিও নেন স্বাস্থ্যমন্ত্রী। ভেজাল প্যারাসিটামল সেবনে শিশু মৃত্যুর ঘটনায় সাত বছর আগে রীড ফার্মাসিউটিক্যালসের বিরুদ্ধে করা মামলায় সোমবার ৫ আসামির সবাইকে খালাস দেয় আদালত। মামলার বাদী ও তদন্ত কর্মকর্তার ‘অযোগ্যতা ও অদক্ষতার কারণে’ অভিযোগ প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে বলে ঢাকার ওষুধ আদালতের বিচারক আতোয়ার রহমান রায় ঘোষণার সময় জানিয়ে দেন। ওই প্রতিবেদন পর্যালোচনায় মন্ত্রণালয়ের সচিবকে দায়িত্ব দেয়ার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, রায়ের কপি পাওয়ার পর পর্যবেক্ষণ দেখে সিদ্ধান্ত নেব। যদি ওষুধ প্রশাসনের কোনো ব্যক্তি দায়ী হয়, দোষী সাব্যস্ত হয়, তার বিরুদ্ধে অবশ্যই যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
নিহতদের পরিবারের প্রতি ন্যায়বিচার প্রাপ্তিতে সহযোগিতার আশ্বাস দিয়ে মোহাম্মদ নাসিম বলেন, যেখানে ২২টি শিশু মারা গেল নিশ্চয় সেখানে অপরাধ সংঘটিত হয়েছে এবং জজ সাহেবের যে পর্যবেক্ষণ-কেউ যদি কোনোভাবে গাফিলতি করে থাকে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। আমি ন্যায়বিচার নিশ্চিত করতে চাই। ভেজাল ও নিম্নমানের ওষুধ নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই জনস্বাস্থ্যের জন্য হুমকি হতে পারে এমন কোনো ওষুধ উত্পাদন, বিপণন ও আমদানি মেনে নেয়া হবে না। দেশের সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে কোনো ধরনের অব্যবস্থা সরকার মেনে নেবে না।
 
চূড়ান্ত পর্যায়ে চিকিত্স সেবা আইন
 
চিকিত্সক ও রোগী সুরক্ষার জন্য চিকিত্সা সেবা আইন নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের চিকিত্সক ও রোগীদের সুরক্ষার জন্য একটি আইন প্রণয়নের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। এটি এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। এটি হবে ‘চিকিত্সা সেবা আইন’। চিকিত্সক ও রোগীদের সুরক্ষার জন্য অনেকগুলো আইন আছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা এগুলোকে একীভূত করে একটি যুগোপযোগী চিকিত্সা সেবা আইন করতে যাচ্ছি। মোহাম্মদ নাসিম বলেন, আমি একটি কথা বলে আশ্বস্ত করতে চাই, আমরা যেমন চিকিত্সকদের সুরক্ষা দিতে চাই, তেমনি রোগীদের সুরক্ষার জন্য অত্যন্ত সংবেদনশীল হয়ে আইনটি করতে যাচ্ছি।
 
আনোয়ার হোসেন রতুর শয্যাপাশে স্বাস্থ্যমন্ত্রী
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম গতকাল সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতুকে দেখতে রাজধানীর হূদরোগ ইনস্টিটিউটে যান। মন্ত্রী তার শয্যাপাশে কিছু সময় কাটান এবং চিকিত্সার খোঁজ-খবর নেন।
 

ইত্তেফাক/এএন