নেত্রকোনা পৌর শহরের প্রধান সড়কটি এখন ধুলোবালিতে একাকার। সকাল থেকে বিকাল পর্যন্ত ধুলোর কারণে পথেচলা যেমন দায় তেমনি সড়কের দু’পাশের দোকানগুলোর মালিকরাও পড়েছেন সমস্যায়। বাতাসে সড়কের সকল ধুলো গিয়ে দোকানে পড়ে। শহরের মোক্তারপাড়া থেকে তেরি বাজার মোড় পর্যন্ত পুরো সড়কটি থেকে পিচ উঠে গিয়ে এখন ইট সুরকির সড়কে পরিণত হয়েছে। ফলে যানবাহন চলাচলের সময় বাতাসে ধুলো উড়ে সড়কের আশেপাশের এলাকা ভরে যায়।
লোকজনকে তখন চোখ মুখ রুমাল দিয়ে ঢেকে চলতে হয়। ধুলোর কারণে লোকজন অসুস্থ হয়ে পড়ছেন। পৌর কর্তৃপক্ষ উদাসীন। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত সড়কের পাশের দোকান মালিকরা ধুলোর হাত থেকে রক্ষা পেতে এবং সড়কের ধুলো বিনাশে নিজেরাই পানি ছিটিয়ে দিতে বাধ্য হচ্ছেন। যার যার এলাকা থেকে এই কাজটি করা হচ্ছে। কিন্তু পৌর কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। সড়কটিও সংস্কারের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
