আশুলিয়ায় কারখানায় আগুনের ঘটনায় আরো একজনের মৃত্যু

আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ১১:২৯
 
সাভারের আশুলিয়ার জিরাবো বাজারে কালার ম্যাক্স বিডি  গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদেরমধ্যে আরো একজনের মৃত্যু হয়েছে। বুধবার ভোর পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সখিনা বেগম (১৯) মারা যান। এ নিয়ে এই ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। 
 
এর আগে যারা মারা গিয়েছেন তারা হলেন-আঁখি (১৪), মাহমুদা আক্তার জলি (১৮) ও রোকেয়া আক্তার রকি (১৮)।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, সখিনার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল। এছাড়া তার কণ্ঠনালী পুড়ে গিয়েছিল। এ কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি। 
 
উল্লেখ্য, ২২ নভেম্বর বিকালে জিরাবো বাজারের গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন দগ্ধ হয়। দগ্ধমের মধ্যে এখনো ১৬ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। ঐ ঘটনায় কারখানাটি বিরুদ্ধে ‘অবৈধ’ অভিযোগ এনে কল-কারখানা পরিদর্শন পরিদপ্তর বাদী হয়ে কারখানা মালিকসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। 
 
 
ইত্তেফাক/এএসএস