মানুষের জীবন শুধু কাজের জন্য নয়, বিনোদনেরও প্রয়োজন রয়েছে: চিফ হুইপ

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২৩:২৪

জাতীয় সংসদের চিফ হুইপ, আওয়ামী লীগ সংসদীয় দলের সাধারণ সম্পাদক এবং মাদারীপুর-১ (শিবচর) আসনের টানা ৬ বার নির্বাচিত সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, ‘মানুষের জীবন শুধু কাজের জন্য নয়। মানুষের জীবনে বিনোদনেরও প্রয়োজন রয়েছে।’

মঙ্গলবার (২৬ মার্চ) রাতে মাদারীপুরের শিবচরে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে বরহামগঞ্জ ললিতকলা একাডেমি মিলনায়তনে শ্রেষ্ঠ সংগীত শিল্পী অন্বেষণে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিবচর ওয়ান-২০১৯ সিজন-২ এর সংগীত প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ‘সংগীত মানুষকে মোহিত করে, চিত্তবিনোদনের খোরাক জোগায়। তাই কাজ-কর্মের পাশাপাশি সংগীত চর্চাকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।’

বরহামগঞ্জ ললিতকলা একাডেমির সভাপতি প্যানেল মেয়র আ. কাদের খান মিলুর সভাপতিত্বে ও সাংবাদিক আবুল খায়ের খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, পৌর মেয়র আওলাদ হোসেন খান, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ. লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, সাবেক পৌরসভার প্রশাসক মোসলেম উদ্দিন খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন খান, আওয়ামী লীগ নেতা পিটার খান ও নজরুল খানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন ১৯শ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া শেখ হাসিনা তাঁত পল্লীর পূর্ব নির্ধারিত স্থান পরিবর্তন করে শিবচরের কুতুবপুর এলাকায় জায়গা নির্ধারণ করে যান। এ সময় মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সজল নূর, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম পাঠক, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার সোনাহর আলী, সহকারী কমিশনার (ভূমি) আল নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া এদিন তিনি কাঁঠালবাড়ি ইউনিয়নের পদ্মা নদী ভাঙ্গন কবলিত ৯০ পরিবারের মাঝে গুচছগ্রামের নতুন ঘরের চাবি, কাঁঠালবাড়ি-উমেদপুরে ৩টি ব্রিজের উদ্বোধন, প্রয়াত হালিম মোড়লের কবরস্থান জিয়ারত, পৌরসভায় ৩টি জামে মসজিদের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ইত্তেফাক/জেডএইচ