চাঁপাইনবাবগঞ্জে পৃথক মামলায় দুই জঙ্গির কারাদণ্ড

আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ১৫:০০
চাঁপাইনবাবগঞ্জে পৃথক অস্ত্র মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
 
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুন্যাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান এ দণ্ডাদেশ দেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন, গোমস্তাপুর উপজেলার কলাইদিয়াড় গ্রামের মমিন ও ভোলাহাট উপজেলার খড়কপুর ঘুনটোলা গ্রামের রমজান আলী। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত রমজান আলী আদালতে উপস্থিত ছিলেন না।
 
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ১৪ জুন পাঁচ রাউন্ড গুলি, অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও জিহাদি বইসহ শিবগঞ্জ উপজেলার খড়গপুর এলাকা থেকে মমিনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ মমিনের বিরুদ্ধে ওই দিনই মামলা করেন।
 
অপরদিকে ২০০৯ সালের ১৭ জুন ভোলাহাট উপজেলার খড়গপুর-ঘুটোলা এলাকার রমজানের বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলি জব্দ করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রমজান পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই পুলিশ বাদী হয়ে রমজান ও মমিনের বিরুদ্ধে মামলা করেন।
 
ইত্তেফাক/এএসএমইউ