বাংলাদেশ জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বলেছেন, 'আগামী দিনগুলোতে আইপিইউ ও জাতিসংঘের মধ্যে প্রাতিষ্ঠানিক ও কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে।'
তিনি গতকাল মঙ্গলবার নিউইয়র্কস্থ জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সাথে সাক্ষাতকালে একথা বলেন। আইপিইউ প্রেসিডেন্ট বলেন, 'নারীর ক্ষমতায়ন, উন্নয়ন কর্মকাণ্ডে যুব সমাজের অন্তর্ভুক্তি ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠাসহ বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।'
এছাড়াও জাতিসংঘের নেতৃত্বে বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধানপূর্বক বিশ্বকে স্থিতিশীল করতে অবদান রাখায় তিনি জাতিসংঘের মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, 'জলবায়ু পরিবর্তনরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সারা বিশ্বের সংসদ সদস্যদেরকে সম্পৃক্ত করতে আইপিইউ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।' জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার একথা বলা হয়।
ইত্তেফাক/এসএস
