পদ্মায় জেলের জালে কুমির

আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ১৭:৩৯
নাটোরের লালপুরে জেলের জালে ধরা পড়েছে ৫ ফুট লম্বা একটি কুমির। 
 
বুধবার সকালে স্থানীয় এক জেলের জালে কুমিরটি ধরা পড়ে। এদিকে জালে কুমির ধরা পড়ার খবর ছড়িয়ে পড়ছে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কুমিরটি দেখতে এলাকার শতশত মানুষ পদ্মার পাড়ে ভিড় করে। 
 
এলাকাবাসীরা জানায়, বুধবার সকালে লালপুর উপজেলার বিলমাড়িয়া অংশের পদ্মায় জাল দিয়ে মাছ ধরতে যায় নাগশোষ গ্রামের ফজর আলী সরদারের ছেলে আনারুল সরদার। এ সময় তার জালে আটকা পড়ে ৫ ফুট লম্বা একটি কুমির। পরে স্থানীয়দের সহযোগিতায় কুমিরটি উদ্ধার করে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। 
 
স্থানীয়দের ধারণা, গত বর্ষায় ভারতে ব্যাপক বন্যার কারণে ফারাক্কার সবগুলো গেট খুলে দেয়ার কারণে দীর্ঘ দিন পর পদ্মা নদীতে ব্যাপক পানি আসে। ওই পানির স্রোতের সাথে কুমিরটি ভেসে এসেছে। যা বুধবার জেলেদের জালে ধরা পড়েছে। পরে স্থানীয়রা কুমিরটি উদ্ধার করে পাশ্ববর্তী একটি পুকুরে ছেড়ে রেখেছে বলে জানা গেছে। 
 
এ ব্যাপারে লালপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, পদ্মায় জেলেদের জালে কুমির ধরা পড়ার খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার আবু তাহির, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদসহ অন্যরা ঘটনাস্থল পরির্দশন করেছেন। কুমিরটি জালে আটকা পড়লে, স্থানীয় জনতা উদ্ধার করে পাশ্ববর্তী একটি পুকুরে রাখেন। আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।