ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে চলমান লাগাতার আন্দোলন এক মাসের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।
কলেজ গভর্নিং বডির সভাপতির পদ থেকে এমপি মোসলেম উদ্দিন ও কলেজ অধ্যক্ষের পদ থেকে নাসির উদ্দিন খানের পদত্যাগ ও কলেজ সরকারিকরণে ধর্মমন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে এক মাসের জন্য আন্দোলন স্থগিত করা হয়।
বুধবার দুপুরে স্থানীয় সার্কিট হাউসে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের মধ্যস্থতায় আন্দোলনকারীদের সঙ্গে এক সমঝোতা বৈঠকের পর শিক্ষক নেতারা এ ঘোষণা দেন।
সমঝোতার বৈঠকে ধর্মমন্ত্রী মতিউর রহমান, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণ দাবি আদায় কমিটির আহ্বায়ক এস এম আবুল হাসেম, যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন, সদস্য সচিব ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
দুপুর ১২টায় শুরু হয়ে একটানা সাড়ে তিনটায় পর্যন্ত এ বৈঠক চলে। বৈঠক শেষে ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণ দাবি আদায় কমিটির আহ্বায়ক এস এম আবুল হাসেম সাংবাদিকদের জানান, শিগগিরই কলেজ গভর্নিং বডির সভাপতির পদ থেকে এমপি মোসলেম উদ্দিন ও কলেজ অধ্যক্ষের পদ থেকে নাসির উদ্দিন খান পদত্যাগ এর আশ্বাস ও কলেজ সরকারিকরণে ধর্মমন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে এক মাসের জন্য আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।
এ সময় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সাংবাদিকদের জানান, অপ্রীতিকর ঘটনার পরই তিনি সমঝোতার উদ্যোগ গ্রহণ করেন। আজকের বৈঠকটি সমঝোতার ও বৈঠক সফল হয়েছে।
পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনার পর কলেজ ক্যাম্পসসহ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহরের পর বুধবার কলেজ খুলেছে। তবে গ্রেফতার আতঙ্কে শিক্ষার্থীর উপস্থিতি খুবই কম ছিল। এই ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের গঠিত তদন্ত কমিটির চার সদস্যের টিম তদন্ত কাজ শুরু করেছেন।
ইত্তেফাক/ইউবি
