বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ আসবে অমর একুশে গ্রন্থমেলায়

আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ২১:৩৫
 
অমর একুশে গ্রন্থমেলার ২০১৭ এর আয়োজন নিয়ে ইতিমধ্যেই নানা প্রস্তুতি শুরু হয়ে গেছে। অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-এ প্রকাশ হতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাবাস নিয়ে ‘কারাগারের রোজনামচা’ শীর্ষক বই। এটি প্রকাশ করবে বাংলা একাডেমি।
 
বুধবার অমর একুশে গ্রন্থমেলা ২০১৭ এর প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। এই সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আরো উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব অকতারী মমতাজ, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানসহ মেলার সঙ্গে সংশ্লিষ্ট নানা প্রতিষ্ঠান ও সংস্থার ব্যক্তিবর্গ।
 
মেলার এই প্রস্তুতি সভায় বেশ আলোচনার মধ্য দিয়ে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নেয়া হয়। প্রতিবছর বইমেলার সময় বৃষ্টিতে ভিজে প্রচুর বই নষ্ট হয় । সেটা ঠেকাতে এবার বইমেলার স্টলে ত্রিপালের পরিবর্তে ছাউনি হবে টিনের।
 
অগ্নি-ঝড় ঝুঁকির জন্য প্রতিটি স্টলের জন্য থাকছে বীমা। তাছাড়া বইমেলার সময়সীমা রাত আটটার পরিবর্তে নয়টা কিংবা সাড়ে আটটা এর যে কোন একটি নির্ধারিত হতে পারে। এ বিষয়ে পরবর্তী বৈঠকে আলোচনা করে সিদ্দান্ত আসতে পারে।
 
এবারের বইমেলায় সাহিত্য উত্সব বড় আঙ্গকে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে যেখানে বিশ্বের নানা দেশের সাহিত্যিকরা অংশ নেবেন। তবে এই সাহিত্য উত্সব কবে হবে তা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত জানালে ঘোষণা করা হবে বলে জানানো হয়। পুরো বইমেলাকে ১২টি ভাগে করা হবে। থাকবে ৫৬৩টি ইউনিট। প্যাভিলিয়ন থাকবে ১৩টি। সোহরাওয়ার্দীর ভেতরে উদ্যানের রাস্তাটি এবার ১৬ ফিটের থেকে বাড়িয়ে ২৫ ফিট প্রশস্থ করা হচ্ছে। গাছ ও ফুল দিয়ে নানন্দিকভাবে সাজানো হবে গোটা বইমেলা প্রাঙ্গন। দোয়েল চত্বরে ৩৫-৫০ ফুটের ইলেকট্রনিক বোর্ডে বইমেলার নির্দেশিকা থাকবে। বাংলা একাডেমির মূল প্রাঙ্গন আর সোহরাওয়ার্দী উদ্যানে ৩টি করে প্রবেশ পথ ও বাহির পথ থাকবে। বাংলা একাডেমির সঙ্গে সোহরাওয়ার্দীর মেলাটি যেন বিচ্ছিন্ন মনে না হয় সেজন্য থাকবে বিশেষ সংযোগ। এ লক্ষ্যে কাজ করছে বাংলা একাডেমি। গতবার সোহরাওয়ার্দী উদ্যানে কেনো খাবার স্টল ছিল না। এবার সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দুটি খাবার স্টল রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও এ এলাকার গাড়িগুলোতে থাকবে স্টিকার।
 
ইত্তেফাক/এএম।