নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, 'দেশের দক্ষিণাঞ্চলবাসীর যাতায়াতের সুবিধার্থে ভবিষ্যতে ঢাকা-খুলনা নৌপথে স্টিমারের সংখ্যা বৃদ্ধি করা হবে।'
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বুধবার সন্ধ্যায় ঢাকার সদরঘাটে স্টিমার সার্ভিসের উদ্বোধনকালে এসব কথা বলেন। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান মো. মিজানুর রহমান, বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক বক্তব্য রাখেন।
বুধবার থেকে পুনরায় স্টিমার সার্ভিস চালু হওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, "প্রথম পর্যায়ে প্রতি বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে স্টিমার 'এমভি মধুমতি' খুলনার উদ্দেশে ছেড়ে যাবে। স্টিমারটি চাঁদপুর, বরিশাল, কাউখালী, হুলারহাট, চরখালী, বড়মাছুয়া, মোড়েলগঞ্জ ও মংলা হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনায় পৌঁছবে। আবার খুলনা থেকে শুক্রবার সন্ধ্যায় রওনা হয়ে শনিবার সন্ধ্যায় ঢাকা পৌঁছবে।"
তিনি বলেন, 'পরীক্ষামূলকভাবে সপ্তাহে একদিন এটি চলাচল করবে। এমভি মধুমতি জাহাজে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৮০০ যাত্রী যাতায়াত করতে পারবে।'
যাত্রীদের চাহিদার বিষয়টি মাথায় রেখে ভবিষ্যতে ঢাকা-খুলনা রুটে আরো স্টিমার সার্ভিস বাড়ানো হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন। -বাসস।
ইত্তেফাক/এসএস
