নিউজিল্যান্ডে নিহত ওমর ফরুকের দাফন শেষ

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২০:০৫

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের আল নূর মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত নারায়ণগঞ্জের বন্দরের প্রবাসী ওমর ফারুকের লাশ দাফন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় বন্দরের সিরাজদৌলা ক্লাব মাঠে তার নামাজে জানাজা শেষে বন্দর কবরস্থানে লাশ দাফন করা হয়। 

নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ওমর ফারুকের শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। 

মেয়রকে পাশে পেয়ে কান্নায় ভেঙ্গে পরেন নিহত ফারুকের অন্তঃসত্ত্বা স্ত্রী সানজিদা জামান নেহা ও মা রহিমা খাতুন। সকাল সাড়ে ১০টায় বন্দর রাজবাড়িতে ফারুকের বাসায় যান মেয়র আইভী। বেশ কিছু সময় নিহত ফারুকের বাসায় অবস্থান করেন তিনি। 

আরো পড়ুন: মৃত্যুতেও নেই বিচ্ছেদ, একসঙ্গে চিতায় উঠলো স্বামী-স্ত্রী!

গত মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে ওমর ফারুকের লাশ বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। বিমানবন্দরে ফারুকের পরিবারের পক্ষে তার স্ত্রী সানজিদা জামান নিহা ও ভগ্নীপতি সারোয়ার হোসেন লাশ গ্রহণ করেন। 

এক ভাই ও তিন বোনের মধ্যে ওমর ফারুক তৃতীয়। তিনি নিউজিল্যান্ডে একটি কন্সট্রাকশন কোম্পানিতে কাজ করতেন। 

ফারুকের ভগ্নীপতি  সারোয়ার হোসেন বলেন, বাসায় সবাই কান্না করছে। পরিবারের একমাত্র ছেলে ছিল ওমর ফারুক। ওর মা এমনিতেই অনেক অসুস্থ। ছেলে মারা যাওয়ার খবরের পর আরও অসুস্থ হয়ে পড়েছে। 

ইত্তেফাক/জেডএইচ