ব্রাজিলের ফুটবল দলবাহী বিমান বিধ্বস্ত হয় তেল ফুরিয়ে যাওয়ায়!

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ০৮:৫৮
 
ব্রাজিলের একটি ক্লাব ফুটবল দল নিয়ে কলম্বিয়ায় গিয়ে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা ৭১ জনে দাঁড়িয়েছে। বিমানে আরোহী ছিলেন ৭৭ জন। চারজনের যাওয়ার কথা থাকলেও যাননি। এই দুর্ঘটনার তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে।
 
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তেল ফুরিয়ে যাওয়ার কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে কোনো কোনো বিশেষজ্ঞ ধারণা করছেন, বৈদ্যুতিক ব্যবস্থায় ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হতে পারে।
 
 
বিবিসি জানিয়েছে, ব্রাজিলের ফুটবল ফেডারেশন সাতদিনের শোক ঘোষণা করেছে। এই সাতদিন ব্রাজিলে সমস্ত ফুটবল বন্ধ থাকবে। সরকারও তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছে।
 
মঙ্গলবার ট্রেনিং শুরুর আগে রিয়েল মাদ্রিদ এবং বার্সিলোনা দল এক মিনিটের নীরবতা পালন করেছে। ২০০৯ সালেও শাপেকোয়েন্সে ক্লাবের নাম ব্রাজিলে খুব কম মানুষই জানতো। চতুর্থ বিভাগে খেলত তারা। কিন্তু গত তিন বছর ধরে ক্লাবটি ব্রাজিল এমনকি দক্ষিণ আমেরিকার অন্যতম শক্তিধর ক্লাবে পরিণত হয়। বিমানটিতে দলের সব খেলোয়াড় এবং কোচিং স্টাফ এবং বেশ কজন কর্মকর্তা ছিলেন। এ ছাড়া ২১ জন সাংবাদিক ছিলেন যাদের মধ্যে ২০ জনই নিহত হয়েছেন।
 
 
জানা গেছে, খেলোয়াড়দের মধ্যে বেঁচে গেছেন মাত্র তিনজন - দুই ডিফেন্ডার অ্যালান রাচেল এবং হেইলো নেটো, এবং গোলকিপারদের একজন জ্যাকসন ফোলম্যান। এ ছাড়া দুইজন ক্রু প্রাণে বেঁচে আছেন। প্রাণে বাঁচলেও খেলোয়াড়রা আর কখনো হয়তো মাঠে নামতে পারবেন না। অর্থাৎ ৪৩ বছর পর আবার নতুন করে শুরু করতে হবে শাপেকোয়েন্সে ক্লাবকে।
 
১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয় ক্লাবটি।
 
ইত্তেফাক/আরএ