মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নিমন্ত্রণে সাড়া দেননি ২০১৬ সালে সাহিত্যে নোবেলজয়ী বব ডিলান। চলতি বছরে নোবেল পাওয়া যুক্তরাষ্ট্রের অন্য চারজন আসলেও তিনি যোগ দেননি।
বুধবার মার্কিন প্রেসিডেন্টের ওভাল অফিসে চলতি বছরে ফিজিক্সে নোবেল পাওয়া ডানকান হালডেন ও জে মাইকেল কস্টেরলিটজ, রসায়নের স্যার জে ফ্রেজার স্টোডার্ট ও অর্থনীতিতে নোবেল পাওয়া অলিভার হার্টের সঙ্গে দেখা করেন। এই বৈঠকের মধ্যে দিয়ে ওবামা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নিতে প্রতিভাবানদের আকৃষ্ট করার সক্ষমতার চিত্রটি ফুটিয়ে তুলতে চেয়েছেন। ওবামা নোবেলজয়ীদের প্রশংসা করে বলেন, তাঁদের কাজ নতুন পণ্য ও প্রযুক্তির জন্ম দেবে। তাদের মাধ্যমে ভবিষ্যৎ বিজ্ঞ ও বিজ্ঞানীরা অনুপ্রাণিত হবেন।
বারাক ওবামার সঙ্গে ডিলানের বৈঠক নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছিল। হোয়াইট হাউজের মুখপাত্র বুধবার নিশ্চিত করেন যে ডিলান ওবামার সঙ্গে সাক্ষাত করতে আসছেন না। সাহিত্য নোবেল পাওয়া ডিলান যে পুরস্কার প্রদান অনুষ্ঠানে যাচ্ছেন না সেটা আগেই নিশ্চিত করেছেন। ২০১৭ সালে সুইডেনের রাজধানী সফরে গিয়ে নোবেল পদকটি গ্রহণ করতে পারেন তিনি। এনবিসি নিউজ।
ইত্তেফাক/এসএসএ
