সিআরপিসির ৫৪ ও ৫৫ ধারায় শিশু গ্রেফতার

শিশু আইনে আদালতকে কার্যকর ব্যবস্থা গ্রহণে নির্দেশ

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ২১:৪৫
শিশু আইন বলবৎ থাকার পরেও পুলিশ কখনো কখনো ফৌজদারি কার্যবিধির ৫৪ ও ৫৫ ধারায় শিশুদের গ্রেফতার করছে। শিশু আইনের বিধানমতে শিশুকে গ্রেফতারের পর গ্রেফতারকারী পুলিশ কর্মকর্তা গ্রেফতারের কারণ, স্থান ও অভিযোগের বিষয়বন্তু, ইত্যাদি সম্পর্কে তাৎক্ষণিকভাবে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাকে অবহিত করবেন।
 
প্রাথমিকভাবে তার বয়স নির্ধারণ করে নথিতে লিপিবদ্ধ করবে। কিন্তু কোন শিশুকে গ্রেফতারের পর অনেক সময় শিশু আইনের এসব বিধানাবলী পুলিশ অনুসরণ করছে না। পুলিশের এই আইন অনুসরন না করার বিষয়টি সুপ্রিম কোর্টের ‘স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটস’ এর গোচরীভূত হয়েছে।
 
ফলে শিশুকে গ্রেফতার, গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে শিশু আদালতের হাজির এবং জামিনে মুক্তি প্রদানের বিষয়ে শিশু আইনের বিধানাবলী পালন করা দরকার। এসব বিধান পালন না করে ফৌজদারি কার্যবিধির (সিআরপিসির) ৫৪ ও ৫৫ ধারায় যদি কোন শিশুকে পুলিশ গ্রেফতার করে আদালতে হাজির করে সেক্ষেত্রে সংশ্লিষ্ট শিশু আদালত শিশু আইনের বিধান সাপেক্ষে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এমন নির্দেশনা দিয়ে সম্প্রতি সার্কুলার জারি করেছে সুপ্রিম কোর্ট।
 
এদিকে দেশের সকল শিশু আদালতে বিচারাধীন মামলার তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। চিঠিতে বলা হয়েছে, উক্ত আদালতসূমহে বিচারাধীন মামলার ধরন, ভিকটিম ও অপরাধীর সংখ্যাসহ এসব মামলা কতদিন যাবত বিচারাধীন রয়েছে সে সংক্রান্ত তথ্য উল্লেখ করে প্রতিবেদন পাঠাতে হবে। আগামী  সাত দিনের মধ্যে এসব তথ্য প্রেরণ করতে সংশ্লিষ্ট আদালতের বিচারকদের বলা হয়েছে। 
 
ইত্তেফাক/এমএইচ