ফেনীতে নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ২২:৩৫
ফেনীর দাগনভূঞায় পূর্ব শত্রুতার জের ধরে রুমমেটের হাতে মো. আবুল হাসেম (২৫) নামে এক নির্মাণ শ্রমিক খুন হয়েছেন। 
 
বৃহস্পতিবার বিকেলে দাগনভূঁঞা পৌরসভার উদরাজপুর গ্রামের বাংলাবাজার রোডের শেখ আহম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে। 
 
আবুল হাসেমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চৌধুরী হাট এলাকায়। 
 
এ ঘটনায় ঘাতক দেলোয়ার হোসেন (২৬) পলাতক রয়েছেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সূবর্ণচর থানার পশ্চিম চরজব্বর এলাকায়। 
 
দাগনভূঁঞায় থানার পরিদর্শক (ওসি/তদন্ত) আনোয়ারুল আজিম জানান, সিগারেট পানকে কেন্দ্র করে তাদের মধ্যে বুধবার রাতে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে দেলোয়ার হাতুড়ি দিয়ে আবুল হাসেমের মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায়।
 
অন্য রুমমেটরা বৃহস্পতিবার বিকেলে বাসায় এসে ঘরে আবুল হাসেমের মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/ইউবি