‘সিলেট ও চট্টগ্রামে বেঞ্চ স্থাপনে প্রধানমন্ত্রীর আগ্রহ রয়েছে’

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ২২:৪১
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, সিলেট ও চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপন করতে সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ রয়েছে। আমারও আগ্রহ আছে। বিচারপতির পদ শূন্য থাকায় তা সম্ভব হয়ে উঠছে না। 
 
বৃহস্পতিবার রাতে সিলেট জেলা আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ ও নবীন আইনজীবীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 
 
তিনি বলেন বিচারপতি নিয়োগ হওয়ার পরপরই সিলেট ও চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপন হবে। এ লক্ষ্যে কাজ চলছে।
 
প্রধান বিচারপতি বলেন, আইনজীবীরা হচ্ছেন জাতির বিবেক। তাদের দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। দরিদ্র ও অসহায় মানুষদের আইনীসহায়তা প্রদান করতে আইনজীবীদের এগিয়ে আসতে হবে। 
 
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম শমিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস- চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার, সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমেদ পাটোয়ারী, মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা, বাংলাদেশ বার কাউন্সিলের ‘ডি’ অঞ্চলের সদস্য অ্যাডভোকেট কাইমুল হক।
 
ইত্তেফাক/ইউবি