২ ডিসেম্বর ১৯৭১

তুমুল যুদ্ধে পাকিস্তানিরা পিছু হটছে

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ২৩:২২

পূর্ব-পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ভারতীয় সেনাদের আক্রমণের মুখে পিছু হটেছে পাকিস্তানি সেনারা। ১ ডিসেম্বর ঢাকা সূত্রে এ খবর জানা যায়। রেডিও পাকিস্তান বলেছে, ভারতীয় সেনাবাহিনী পূর্ব-পাকিস্তানের খুব স্বল্প জায়গা দখল করতে পেরেছে, তবে তাও প্রচুর ক্ষতির সম্মুখীন হয়ে। অপরদিকে ভারতীয় রেডিও বলেছে, ভারতীয় সেনাবাহিনী ট্যাঙ্ক ব্যবহার করছে এবং সকল ফ্রন্টে সৈন্য মোতায়েন করেছে।

 
অল-ইন্ডিয়া রেডিও বলেছে, পূর্ববঙ্গের মুক্তিবাহিনী সিলেটের তিনটি অঞ্চল পাকিস্তানি দখল হতে মুক্ত করেছে এবং ফেনীতে পাকিস্তানি লক্ষ্যবস্তুর উপর তুমুল আঘাত হেনেছে। অল-ইন্ডিয়া রেডিও আরো বলেছে, সম্প্রতি প্রাপ্ত তথ্য অনুসারে ঢাকার দক্ষিণ-পশ্চিমে থাকা ফরিদপুর এবং দক্ষিণের বরিশাল শহর সর্ম্পূণরূপে মুক্তিবাহিনীর অধীনে আছে।
 
এছাড়া যশোরে ভারতীয়রা পুনরায় সংগঠিত হওয়ার এবং কৈবাননগরে তাদের অবস্থান পুনঃউদ্ধারের চেষ্টা করছে বলে খবর পাওয়া গেছে। প্রসঙ্গতঃ পাকিস্তানি সেনারা ভারতের একটি ট্যাঙ্ক অভিযান এই অঞ্চলে সম্প্রতি রুখে দিয়েছে। এদিকে কিছু প্রতিবেদন অনুসারে এই খবর পাওয়া    গেছে যে, ভারতীয় সেনারা পাকিস্তানিদের দখলে থাকা ঢাকার বিপরীতে যশোরকে বাঙালির রাজধানী করার প্রয়াস চালাচ্ছে।
 
রেডিও পাকিস্তান বলেছে, চুয়াগাছায় অবস্থানরত ভারতীয় সেনারা যশোর অভিযানের চেষ্টা করেছিল, কিন্তু তাদের প্রয়াস রক্তাক্ত সংঘর্ষের মধ্য দিয়ে রুখে দেয়া হয়েছে। তারা আরো বলেছে, পুরো এলাকা ভারতীয় সেনাদের রক্তে রঞ্জিত।
 
একজন পাকিস্তানি মুখপাত্র বলেছেন, গোলন্দাজ ও হালকা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে চুয়াগাছার আশেপাশে পড়ে থাকা ভারতীয় সেনাদের দেহ উদ্ধারের ভারতীয় প্রয়াস রুখে দেয়া হয়েছে। একটি অফিসিয়াল প্রতিবেদন সূত্র অনুযায়ী জানা যায়, ভারতীয় সেনারা যশোর শহরে ৯টি রাশিয়া-নির্মিত ১৩০ এমএম শেলের আঘাত হেনেছে, এতে একজন বেসামরিক ব্যক্তি নিহত ও ১৫ জন আহত হয়েছে।
 
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ভারতীয় সেনারা ১৮ মাইল পর্যন্ত গোলা ছুড়তে পারা রাশিয়া-নির্মিত কামান বর্তমানে নিয়মিত ব্যবহার করছে এবং ভারতীয় সেনারা যশোর জেলার পশ্চিম সেক্টরে পাকিস্তান অধিকৃত জোয়াননগরের বর্ডার আউটপোস্টসহ পাঁচ মাইল এলাকা দখল করতে সক্ষম হয়েছে। ভারতীয় সেনাদের দুটি ব্যাটালিয়ন ভারি গোলন্দাজসহ যশোরের কামালপুরে পাকিস্তানি পোস্টে আক্রমণ করেছে। বর্তমানে সেখানে তুমুল যুদ্ধ চলছে। পাকিস্তানিরা তাদের দখল বজায় রাখতে সেখানে শক্তি বৃদ্ধি করছে।
 
পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী শহর কৃষ্ণনগরে অবস্থানরত ভারতীয় প্রতিরক্ষা অফিসাররা বলেছে, ভারতীয় সেনারা পূর্ব-পাকিস্তানের অভ্যন্তরে কমপক্ষে তিনটি অঞ্চলে পাকিস্তানিদের সাথে যুদ্ধ করছে। কিন্তু তারা পাকিস্তানিদের দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করে বলেছেন যে, পূর্ব-পাকিস্তানে ভারতীয় নিয়মিত সেনারা প্রবেশ করেনি।
 
পত্রিকা পরিচিতি:‘দ্য এইজ’ অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকা। ১৮৫৪ সাল হতে নিয়মিত পত্রিকাটি প্রকাশিত হচ্ছে।
 
(মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ ট্রাস্টের সহযোগিতায় ১৯৭১ সালের ডিসেম্বর মাসে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত নির্বাচিত প্রতিবেদন নিয়ে ইত্তেফাকের এ আয়োজন। প্রতিবেদনটি অনুবাদ করেছেন মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ ট্রাস্টের পরিচালক সাব্বির হোসাইন।)
 

ইত্তেফাক/এএন