নলছিটির সাইদুল হত্যা: ইউপি চেয়ারম্যান ৩ দিনের রিমান্ডে

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২০:৩০

নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন হাওলাদারকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। বুধবার সিনিয়র জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট মো. এএসএম তারেক শামস এ আদেশ দেন। 

গত শনিবার দুপুরে রেন্ট মটরসাইকেল চালক সাইদুল ইসলাম তালুকদার (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ চেয়ারম্যানকে গ্রেফতার করে।ঐদিন রাতেই নিহতের বাবা আজিজ তালুকদার বাদী হয়ে  ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় কবির হোসেন হাওলাদারকে গত রবিবার সকালে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠায় আদালত। এরপর এই হত্যার ক্লু বের করতে চেয়ারম্যান কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করে। বুধবার আদালতে রিমান্ড আবেদনের শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

আরও পড়ুন: খালেদা জিয়াকে কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, ‘সাইদুল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কবির হোসেনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করে। এ মামলার বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

ইত্তেফাক/কেকে