কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে সিডি ও ভোটার তালিকার জন্য ৬১ হাজার টাকা দাবি

ভেড়ামারায় সাম্যবাদী দলের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন বয়কট

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ০১:৩৬

কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে (গেজেট বর্হিরভূত) সিডি ও ভোটার তালিকার জন্য ৬১ হাজার টাকা আদায়ের প্রতিবাদ জানিয়ে সাম্যবাদী দলের চেয়ারম্যান প্রার্থী কমরেড আনোয়ার হোসেন বাবলু নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার রাত ৯ টায় কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে জেলা পরিষদ নির্বাচনকে প্রহসন মূলক নির্বাচন দাবী করে তিনি এ ঘোষণা দেন।

 
আসন্ন ২৮শে ডিসেম্বর ২০১৬ অনুষ্ঠিতব্য কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশের সাম্যবাদী দল (এম, এল) মনোনীত প্রার্থী ও জেলা সম্পাদক কমরেড আনোয়ার হোসেন বাবলু চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে  গণসংযোগ করে আসছিলেন। তিনি চেয়ারম্যান পদপ্রার্থী জামানত বাবদ ২০ হাজার টাকা ট্রেজারী চালান করেন। চালান কপি নিয়ে বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসে গিয়ে তার নমিনেসন ফরম চাইলে সিডি ও ভোটার তালিকা বাবদ আরও ৬১ হাজার টাকা অফিসে জমা দেওয়ার কথা বলা হয়। তিনি নির্বাচনী ইস্তেহার অনুযায়ী অতিরিক্ত সিডি ও ভোটার তালিকার জন্য ৬১ হাজার টাকা উল্লেখ নেই বলে দাবী করেন।  কিন্তু নির্বাচন অফিসের কর্মকর্তারা তারা নমিনেশন ফরম দেন নি।
 
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তেব্যে বলেন, নির্বাচনী ইস্তেহার ও গেজেট পেপারে সিডি ও ভোটার তালিকা বাবদ ৬১ হাজার টাকা দিতে হবে বলে কোথাও উল্লেখ নাই। অথচ জেলা নির্বাচনী অফিসার ইচ্ছা অনুযায়ী অতিরিক্ত ৬১ হাজার অবৈধ টাকা গ্রহণ করে আত্মসাত করার লক্ষ্যে আমার কাছে এই টাকা দাবী করেন। আমি অনেক বুঝালেও তারা আমার নমিনেশন ফরম দেন নি।
 
তাই আমি সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন বয়কট করার। এমন ভৌতিক সিদ্ধান্তের কারনে আমি ও আমার দল কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনকে প্রহসন মূলক নির্বাচন বলে আখ্যায়িত করলাম।
 
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা সাম্যবাদী দলের সম্পাদক শাজামানুল হক খাজা, দৌলতপুর উপজেলার সম্পাদক সুমন হোসেন, জুনিয়াদহ ইউনিয়নের সম্পাদক ময়নুল ইসলাম মুকুল, ধুবইল ইউনিয়নের সম্পাদক ফরহাদ হোসেন প্রমুখ।
 
ইত্তেফাক/এএন