উৎসব মুখর পরিবেশে বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত ফরিদপুরে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। সকাল ১০ টা থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই কার্যক্রম শুরু হয়।
বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে ১২ জন এবং সাধারণ সদস্য পদে ৪১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সংরক্ষিত ১ ও ২ নম্বর মহিলা সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফরিদপুরের ঝর্ণা হাসান এবং মধুখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া সালাম নির্বাচিত হওয়ার অপেক্ষায়।
এছাড়া সাধারণ সদস্য পদে ১, ৩ এবং ৯ নম্বর ওয়ার্ডে যথাক্রমে এফ এম মোশাররফ হোসাইন, মো. আব্দুর রাজ্জাক মোল্যা এবং আ. রব মোল্যা আওয়ামী লীগের একক প্রার্থী হওয়ায় এ তিনটি ওয়ার্ডে অন্য কোন প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
ইত্তেফাক/এসএস
