নানা আনুষ্ঠানিকতায় খাগড়াছড়িতে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি’ তথা ‘শান্তি চুক্তি’র ১৯তম বর্ষপূর্তি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সরকারের সাফল্য তুলে ধরতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পাশাপাশি নানা কর্মসূচির আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়নে ভূমিকা পালনকারী সেনাবাহিনীও।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আজ শুক্রবার দিবসটি পালন করছে নানা কর্মসূচির মধ্য দিয়ে। সকাল ৯টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কার্যালয় চত্ত্বর থেকে বের করা হয় র্যালী। বর্নাঢ্য র্যালির উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা।
IMG0
এতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব উল আলম, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি বিজিরি’র সেক্টর কমান্ডার কর্ণেল মশিউর রহমান, সদর সেনা জোন অধিনায়ক লে. কর্ণেল হাসান, পুলিশ সুপার মো. মজিদ আলী, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমাসহ জেলার রাজনৈতিক ও সামাজিক নেতারা। র্যালিতে চাকমা, মারমা, ত্রিপুরা ও বাঙালিরা নিজ নিজ সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে অংশ নেন। র্যালি শেষে খাগড়াছড়ি পৌর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
IMG1
জেলা শহরের প্রধান প্রধান সড়কে স্থানীয় শিল্পীদের চলছে ‘রোড শো’। বিকালে ঐতিহাসিক খাগড়াছড়ি ষ্টেডিয়ামে স্থানীয় সেনা রিজিয়ন ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হবে 'শান্তি কনসার্ট'।
ইত্তেফাক/কেকে
