ফেসবুকে বাজিমাত করলেন কণ্ঠশিল্পী শাহানা কাজী। বাংলাদেশের নারী কণ্ঠশিল্পীদের মধ্যে তারই প্রথম দশ লাখ ফেসবুক ফলোয়ার হলো।
এই খুশিতে শাহানা কাজী বলেন, আমি সবসময়ই শ্রোতাদের সঙ্গে নিজের আনন্দ শেয়ার করতে চাই। আজ আমি তাদের জন্যই এতদূর আসতে পেরেছি। সামনে শ্রোতাদের জন্য নতুন কাজ করছি। শিগগিরই সেই খবর জানাতে চাই।
সম্প্রতি ফেসবুকে নিজের ফ্যান সংখ্যা দশ লাখ ছাড়িয়ে যাওয়ায় একটি ছবি আপলোড করে তিনি তাঁর ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন।
বর্তমানে বিশ্বব্যাপী প্রায় ৫০ টি দেশে ভক্ত রয়েছে বাংলাদেশি কানাডিয়ান এই শিল্পীর। কিছুদিন আগেই কানাডার টরন্টো শহরে অনুষ্ঠিত বিশাল এক লাইভ কনসার্টে একই মঞ্চে গান করেন শাহানা কাজী এবং বলিউডের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। কনসার্টে শাহানা কাজী বলিউডের বেশ কিছু জনপ্রিয় হিন্দী গান পরিবেশন করেন।
এর আগে তিনি বলিউডের সংগীতশিল্পী সুনিধি চৌহান ও আয়ুষ্মান খোরানার সঙ্গে একই মঞ্চে লাইভ পারফর্ম করে শ্রোতাদের মাত করেছিলেন।
সম্প্রতি বলিউডের সঙ্গীত শিল্পী মিকা সিং শাহানা কাজীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার সঙ্গে একটি দ্বৈত গান করতে তাঁর আন্তরিক আগ্রহ প্রকাশ করেন। গত বছর কানাডার টরেন্টো থেকে প্রকাশিত হয় শাহানা কাজীর প্রথম একক অ্যালবাম যার নাম ছিল ভালোবাসার কথা। তিনি বর্তমানে তার দ্বিতীয় একক অ্যালবাম নিয়ে কাজ করছেন।
ইত্তেফাক/এমএইচ
