বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৪০

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ১৭:২২
হবিগঞ্জের বানিয়াচংয়ে জলমহাল নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছে। 
 
শুক্রবার দুপুরে উপজেলার রহমতপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 
 
স্থানীয়রা জানায়, ওই গ্রামের শের আলীর ছেলে মস্তু মিয়া এবং মৃত ইদ্রিস আলীর ছেলে ইউপি মেম্বার আলী রহমানের মাঝে একটি জলমহাল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে উভয়ের মাঝে বিরোধপূর্ণ জলমহাল নিয়ে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে দুপুরে তাদের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১৫ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 
 
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরী জানান, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।
 
ইত্তেফাক/ইউবি