মানিকগঞ্জে সফটওয়ার টেকনোলজি পার্ক তৈরি হচ্ছে : পলক

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৭
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন,  মানিকগঞ্জে সফটওয়ার টেকনোলজি পার্ক তৈরি করা হবে। ইতিমধ্যে জায়গা নির্ধারণ করা হয়েছে। সফটওয়ার টেকনোলজি পার্ক নির্মিত হলে মানিকগঞ্জের সন্তানদের জন্য কর্মসংস্থান তৈরি হবে। 
 
বৃহস্পতিবার  সন্ধ্যায় মানিকগঞ্জ বিজয় মেলা মাঠে লার্নিং অ্যান্ড আর্নিং মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আধুনিক বাংলাদেশের রুপকার। বর্তমান সরকারের আমলে দেশে তথ্য ও প্রযুক্তির যে প্রসার ঘটেছে তা বিগত কোনো সরকারের আমলে সম্ভব হয়নি। 
 
জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভলপমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক তপন কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মো. শাহরিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।  
 
 
ইত্তেফাক/ইউবি