জঙ্গি সমর্থনকারী নেতানেত্রীদের রাজনীতির বাইরে রাখাই চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ১৮:৩২
বাংলাদেশের এই মুহূর্তে চ্যালেঞ্জ হচ্ছে মানুষ পোড়ানোর কারিগর, জঙ্গি সমর্থনকারী, হত্যা খুনের চক্রান্তকারী, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী, দুর্নীতিবাজ-অপরাধী এই সব নেতা নেত্রীদের দেশের রাজনীতি থেকে বাইরে রাখা। 
 
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু আজ শুক্রবার কুষ্টিয়া মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের এ কথা বলেন। 
 
এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুর রহমান, সহকারী পুলিশ সুপার কামারুল ইসলাম, কলেজের শিক্ষকসহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
পরে তিনি বিকেলে উপজেলার পুটিমারী গ্রামে শুভ বিদ্যুতায়নের উদ্বোধন করেন। 
 
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দোষ দাবি ও আদালতে সুবিচার চাওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, দেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতা নেত্রীরা হত্যা-খুনের রাজনীতির সাথে জড়িয়ে পড়েছিলেন। এ সব ঘটনায় যখনই তাদের বিচারের সম্মুখীন করা হচ্ছে তখনই তারা তাদের বাঁচানোর জন্য নিজেদের ঘায়েল করার অভিযোগ উত্থাপন করছেন।
 
হাসানুল হক ইনু বলেন, নেতা-নেত্রীদের মামলার সম্মুখীন করা বিরাজনীতিকরণ নয়, বাংলাদেশকে একটি অপরাধ মুক্ত রাজনীতি তৈরি করার পদক্ষেপ মাত্র। -বাসস।
 
 
ইত্তেফাক/এমআই