সরবরাহ বাড়ায় শীতকালীন সবজির দাম কমতে শুরু করেছে। সব ধরনের সবজিই কেজিতে ৫ থেকে ৭ টাকা পর্যন্ত কমেছে। তবে দাম বেড়েছে দেশী পেঁয়াজের।
শুক্রবার রাজধানীর কাওরানবাজার ও শান্তিনগর বাজারসহ কয়েকটি বাজারে সরেজমিনে খোঁজ নিয়ে সবজি বাজারের এ চিত্র পাওয়া যায়।
শান্তিনগরবাজারের সবজি বিক্রেতা আমজাদ মণ্ডল বলেন, বাজার এখন শীতকালীন সবজিতে ভরপুর। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবজি আসছে। তাই দাম কমতে শুরু করেছে। তিনি বলেন, গত সপ্তাহের তুলনায় সিম কেজিতে ১০ টাকা কমে ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। কমেছে টমেটোর দামও। বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা কেজিতে।
অন্যান্য সবজির মধ্যে প্রতি কেজি নতুন আলু ৮০ থেকে ৯০ টাকা, বেগুন ৪০ থেকে ৫০ টাকা, মূলা ২০ থেকে ২৫ টাকা, পেঁপে ২৫ টাকা, পুরনো আলু ৩০ থেকে ৩২ টাকা, ঢেঁড়স, ঝিঙা, করলা, বরবটি ও পটল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকার মধ্যে। এছাড়া আকারভেদে প্রতিটি ফুলকপি, বাঁধাকপি ২৫ থেকে ৩৫ টাকা, কাঁচাকলা ২৫ থেকে ৩০ টাকা হালি, মিষ্টিকুমড়া প্রতিটি (ছোট) ৪০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি দেশী পেঁয়াজে ৫ টাকা বেড়ে ৩৮ থেকে ৪২ টাকা, আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ ২৫ টাকা, কাঁচামরিচ ৬০ থেকে ৭০ টাকা, আদা মানভেদে ৭০ থেকে ১২০ টাকা, রসুন মানভেদে ১৬০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে মাছের বাজারও স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি রুই আকার ভেদে ২৫০ থেকে ৩৫০ টাকা, কাতল ২৫০ থেকে ৪৫০ টাকা, চাষের কৈ ২০০ থেকে ২৫০ টাকা,পাঙ্গাস ১২০ থেকে ১৬০ টাকা , তেলাপিয়া ১৬০ থেকে ২০০ টাকা , শিং মাছ ৫৫০ থেকে ৭০০ টাকা, দেশি মাগুর ৬০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।
কাওরানবাজারের মাছ বিক্রেতা শরীফ বলেন, শীত মৌসুমে দেশের খালবিলে পানি কমে যায়। যে কারণে এ সময়ে মাছের সরবরাহ বাড়ে। তাই দামও কিছুটা কমতির দিকে থাকে।
নিত্য প্রয়োজনীয় মুদি পণ্য আগের দরেই বিক্রি হচ্ছে। প্রতি কেজি দেশি মসুর ডাল ১২৫ থেকে ১৩৫ টাকা, তুরস্ক/কানাড়ার বড়দানা মসুর ডাল ৯০ থেকে ১০৫ টাকা, মাঝারিদানা মসুর ডাল ১১০ থেকে ১২০ টাকা, মুগ ডাল ৮০ থেকে ১১৫ টাকা, ছোলা ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১০২ টাকা এবং খোলা সয়াবিন তেল কেজি প্রতি ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৪০ থেকে ১৪৫ টাকা, লেয়ার মুরগি ১৬০ টাকা ও পাকিস্তানি লাল মুরগি আকারভেদে ২২০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। মাংসের মধ্যে প্রতি কেজি গরু ৪৩০ টাকা এবং খাসির মাংস ৬২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ইত্তেফাক/এএম।
