আশুলিয়ায় স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ, আটক ৩

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২০:৪৯

সাভার উপজেলার আশুলিয়ায় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়ার ঘোষবাগ এলাকায়। 

আটককৃতরা হলো- নোয়াখালী জেলার হাতিয়া থানার রেহানিয়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মুনসুর আলী ওরফে রনি (৩৬), দিনাজপুরের বিরল থানার শ্যামপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে আনিস (৩২) এবং আশুলিয়ার ঘোষবাগ গ্রামের আবুল হোসেনের ছেলে ইয়াছিন আরাফাত ওরফে শুভ (২০)।

জানা যায়, মঙ্গলবার বিকালে স্বামীর সঙ্গে ঘুরতে বেড়িয়ে ছিলেন ভুক্তভোগী ওই গৃহবধূ। সন্ধ্যার পর বাড়ি ফেরার পথে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় তিনজন ওই দম্পতিকে আটক করে। এসময় তারা বিবাহিত নন, এমন মিথ্যা অপবাদ দিয়ে বখাটেরা স্বামী-স্ত্রী উভয়কে মারপিট করে ও ভয়ভীতি দেখায়। একপর্যায়ে তাদেরকে স্থানীয় গোফরানের বাড়িতে নিয়ে যায়। স্বামীকে একটি রুমে আটকে রেখে গৃহবধূকে অন্য রুমে নিয়ে মুনসুর আলী রনি নামের বখাটে গৃহবধূকে ধর্ষণ করে। এসময় ভুক্তভোগীর স্বামী কৌশলে মোবাইলে জাতীয় হেল্প লাইন ৯৯৯ এ ফোন করে অভিযোগ জানান। অভিযোগ করার পর আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদেরকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তিনজন পালিয়ে গেলেও আজ সকালে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। 

আরও পড়ুন: খালেদা জিয়াকে কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আশুলিয়া থানার উপ-পরিদর্শক আজহারুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে তিনজনকে আটক করা হয়েছে। আজ দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়। এছাড়া গৃহবধূকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে।’

ইত্তেফাক/কেকে