১৪তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আজ ৩ ডিসেম্বর, শনিবার। বিকেল চারটায় রাজধানীর শাহবাগের জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে উৎসব উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। চীনের প্রখ্যাত চলচ্চিত্রকার ও বেইজিং ফিল্ম একাডেমির অধ্যাপক ড. শি ফি, উৎসব কমিটির চেয়ারম্যান নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু ও উৎসব পরিচালক সৈয়দ ইমরান হোসেন কিরমানীও উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে ।
উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানী ও কানাডার পাঁচটি চলচ্চিত্র দেখানো হবে। নয় দিনের এই উৎসবে ১০৯টি দেশের ৫৫০টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। থাকছে ২০১৫ ও ২০১৬ সালে বাংলাদেশে নির্মিত চলচ্চিত্রও।
১৪তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব উৎসর্গ করা হয়েছে উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরলাল সেন ও সদ্য প্রয়াত কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হককে।
IMG0
এবার উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হবে জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন (৪–১০ ডিসেম্বর; প্রতিদিন বেলা ১১টা, ৩টা, বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টা), জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন (৪–১০ ডিসেম্বর; প্রতিদিন বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টা) ও সুফিয়া কামাল মিলনায়তন (৪–১০ ডিসেম্বর; প্রতিদিন বেলা ৩টা, বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টা), বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তন (৪–১০ ডিসেম্বর; প্রতিদিন বেলা ৩টা, বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টা)।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তন (৫–১০ ডিসেম্বর; প্রতিদিন সকাল ১০টা, দুপুর ১২টা ও বেলা ২টা) এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রে (৪–৯ ডিসেম্বর; প্রতিদিন বেলা ৩টা, বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টা)। এবার ঢাকার পাশাপাশি ৩–৬ ডিসেম্বর উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হবে রাজশাহীর লালন মঞ্চ ও বড়কুঠি মঞ্চে। থাকছে ইন্দোনেশিয়ার চলচ্চিত্রকার গ্যারিন নুগ্রহর পাঁচটি চলচ্চিত্র নিয়ে রেট্রোস্পেক্টিভ।
ইত্তেফাক/এমএআর
