কোটালীপাড়া মুক্ত দিবস আজ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১০:১৯
 
আজ কোটালীপাড়া মুক্ত দিবস। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর গোপালগঞ্জের কোটালীপাড়া হানাদার মুক্ত হয়েছিল।
 
এই উপলক্ষে স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কাটালীপাড়া হানাদার মুক্ত দিবস উপলক্ষে এ বছর হেমায়েত বাহিনী নানা কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে উপজেলার টুপুরিয়া গ্রামে নির্মিত হেমায়েত বাহিনী স্মৃতি যাদুঘর চত্ত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 
 
১৯৭১ সালের ৩ ডিসেম্বর সকাল ১০টার দিকে উপজেলার কাকডাঙ্গা রাজাকার ক্যাম্পে মুক্তিযোদ্ধারা হামলা চালিয়ে ক্যাম্পটি দখল করে নেয়। রাজাকার ক্যাম্পের সদস্যরা মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেন। আর এই দিন সর্ব প্রথম গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা হানাদার মুক্ত হয়। 
 
এ সময় কোটালীপাড়া উপজেলায় বয়ে গিয়েছিল আনন্দের বন্যা। অনেক দুঃখ বেদনার পরও সেদিন এলাকার মানুষের মধ্যে ছিল আনন্দ আর উল্লাস। কোটালীপাড়াবাসী পেয়েছিল মুক্তির স্বাদ।
 
 
ইত্তেফাক/কেকে