দুয়ার্তেকে হোয়াইট হাউসে যাওয়ার আমন্ত্রণ ট্রাম্পের

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১১:১৯
আগামী বছর ক্ষমতা গ্রহণের পর ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তেকে হোয়াইট হাউসে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে দুয়ার্তেও ট্রাম্পকে ফিলিপাইনে আসার আমন্ত্রণ জানিয়েছেন।
 
শুক্রবার সংবাদমাধ্যমকে এসব জানিয়েছেন দুয়ার্তের এক ঘনিষ্ঠ সহযোগী ক্রিস্টোফার গো। তিনি জানান, দুই নেতার মধ্যে সাত মিনিটের ফোনালাপ হয়েছে। কথোপকথন ছিল ‘আন্তরিক ও প্রাণবন্ত’।
 
ক্রিস্টোফার গো আরও জানান, ফোনালাপে দুয়ার্তেকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান ট্রাম্প। দুয়ার্তেও ট্রাম্পকে আগামী বছর আসিয়ান সম্মেলনে ফিলিপাইনে আসার আমন্ত্রণ জানান।
 
ট্রাম্প শিবির থেকেও ওই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
 
ইত্তেফাক/এএম