সিলেটের বিশ্বনাথে শুক্রবার রাতে দুই প্রবাসীর বাড়িসহ তিন বাড়িতে ডাকাতি হয়েছে। উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রহিমপুর গ্রামের লন্ডন প্রবাসী মাহমদ আলী, একই গ্রামের কাতার প্রবাসী মখলিছ আলীর ও বিশ্বনাথ সদর ইউনিয়নের তাতিকোনা গ্রামের সানাই মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
এ সময় ডাকাতরা ২৬ ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ ৭৫ হাজার টাকা, আমেরিকান ২০ ডলার, ৩৭টি মোবাইল সেট, দুইটি ক্যামেরা ও একটি ল্যাপটপসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করে। ডাকাত দলের হামলায় গুরুত্বর আহত হয়েছেন ধারাভাষ্যকার আনোয়ার হোসেনের স্ত্রী শাকিলা বেগম।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে ২০/২৫ জনের একটি মুখোশধারী ডাকাতদল একই সময়ে হানা দেয় কাতার প্রবাসী মখলিছ আলী ও লন্ডন প্রবাসী মাহমদ আলীর বাড়িতে। ডাকাত দল বাড়ির কলাপসিবল গেটের তালা ও দরজা ভেঙ্গে ঘরের ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করে নিয়ে যায়।
অন্যদিকে একই রাতে উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের তাতিকোনা গ্রামের ধারাভাষ্যকার আনোয়ার হোসেনের বাড়িতে হানা দেয় ডাকাত দল। এসময় ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা বেঁধে মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাত দলের হামলায় গুরুত্বর আহত আনোয়ার মিয়ার স্ত্রী শাকিলা বেগেমকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম পিপিএম বলেন, ডাকাতির ঘটনাগুলো সত্য। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান পিপিএম বলেন, বিশেষটি গুরুত্ব সহকারে দেখা হবে। পুলিশি টহল জোরদার করার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিলেটের ডিআইজি কামরুল আহসান ইত্তেফাককে বলেন, তিনটি ডাকাতির ঘটনা বিশেষ গুরুত্ব সহকারে দেখা হবে। এ ঘটনাগুলোর সঙ্গে জড়িদের খোঁজে বের করা হবে।
ইত্তেফাক/কেকে
