সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মোবাইল অ্যাপভিত্তিক ট্যাক্সিসেবা নেটওয়ার্ক উবার নিয়ে শিগগিরই যৌক্তিক সমাধানে পৌঁছাবো। আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলবো আর একে স্বাগত জানাবো না এটা হয় না। কিন্তু এজন্য একটি লিগ্যাল ফ্রেমে আসতে হবে।
শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) আয়োজিত এক সচেতনতামূলক ক্যাম্পইনে অংশ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ক্যাম্পেইন্যে উপস্থিত ছিলেন- অভিনেতা রিয়াজ, তৌকির আহমেদ, লিটু আনাম, মীর সাব্বির, সঙ্গীত শিল্পী এসআই টুটুল প্রমুখ। চালক এবং যাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টির এই ক্যাম্পেইনের শ্লোগান হচ্ছে ‘সাবধানে গাড়ি চালান, নিরাপদে থাকুন’।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, আইন করবো জনগণের স্বার্থে, কাজেই এটি যেন সহজ হয়, কঠিন হলে জনস্বার্থে কাজে আসবে না। তাই জনস্বার্থে যেভাবে আসবে সেভাবেই আইন করা হবে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে জনগণের দুর্ভোগ কমানো। নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবহনের জন্য যা যা দরকার সবই করা হবে।
নারী ড্রাইভার সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পাশের দেশের তুলনায় আমাদের দেশে নারী গাড়ি চালক কম। তারা মাথা ঠাণ্ডা রেখে গাড়ি চালান, যার ফলে দুর্ঘটনা কম হয়। আমরা ইতিমধ্যে বিআরটিএ’র মাধ্যমে তাদের প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছি।
ইত্তেফাক/এমআই
