চীনে এক সপ্তাহে কয়লা খনি দুর্ঘটনায় নিহত ৩৮

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ২০:৫৫
চীনে চলতি সপ্তাহে দু’টি কয়লা খনিতে পৃথক বিস্ফোরণে অন্তত ৩৮ জন নিহত হয়েছে। শনিবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে নিহতের এ সংখ্যা উল্লেখ করা হয়। 
 
বার্তা সংস্থা সিনহুয়া প্রাদেশিক কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানায়, প্রথম বিস্ফোরণটি ঘটে মঙ্গলবার। হেইলংজিয়াং প্রদেশের কিতাইহে নগরীর একটি বেসরকারি কয়লা খনিতে। এতে ২২ জন শ্রমিক আটকা পড়ে এবং শুক্রবার রাতে ২১ জনের মৃত্যু হয়। ইনার মঙ্গোলিয়ার একটি খনিতে অপর এক বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 
 
সিনহুয়া জানায়, খনিটিতে এখনো অনির্দিষ্ট সংখ্যক খনি শ্রমিক মাটির নিচে চাপা পড়ে আছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ