ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজ সরকারিকরণ আন্দোলনে নিহত সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদের কন্যা সামিয়া আজাদ সূচী বলেছেন, আমার পিতাকে নির্মমভাবে পিটিয়ে পুলিশ হত্যা করেছে। আমরা বিচার চাইতে পারি না পুলিশের ভয়ে। সূচী বলেন, আমার বিধবা মা ও আমরা ৩ ভাই বোন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই। আমার পিতা হত্যার বিচার চাই। গতকাল শনিবার বিকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত শোকসভায় পরিবারের পক্ষে সূচী এ দাবি জানান।
‘আমার আপনাদের ট্যাক্সের টাকার বিনিময়ে পুলিশের কেনা বুট ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হল কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ (৫০) ও পথচারী ছফর আলীকে (৫৫)। ভাবতে অবাক লাগে শোকসভায় এই বলে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আব্দুল মান্নান আকন্দ কেঁদে ফেললেন। শোকসভায় আগত অতিথিরাও এসময় গুমরে কেঁদে উঠলেন। ভারী হয়ে গেল কলেজের পুরো মিলনায়তন। তিনি কেঁদে বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো অন্যায় প্রশ্রয় দেন না। তিনি অন্যায়কারীদের বিচার করবেন, যাদেরকে অন্যায় ভাবে গ্রেফতার করে হয়রানি করা হয়েছে তাদেরও বিচার করবেন।
শোকসভায় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আলহাজ আব্দুর রাজ্জাক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবি সিদ্দিক, মুক্তিযোদ্ধা এম জব্বার, জাপা সভাপতি নাজমুল হক সরকার, সরকারিকরণ আন্দোলন ও বাস্তবায়ন কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক এস এম আবুল হাসেম প্রমুখ।
ইত্তেফাক/এএন
