ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসস্থান নির্মাণ প্রকল্পের আওতায় টাঙ্গাইলের সখীপুরে নির্মিত হচ্ছে ৭টি ‘বীর নিবাস’। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ প্রকল্প বাস্তবায়ন করছে। ইতোমধ্যে নির্মাণাধীন এসব বাড়ির সিংহভাগ কাজ শেষ হয়েছে।
সখীপুর উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ২০১৪-১৫ অর্থ বছরে বাসস্থান নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন গ্রামের নারী মুক্তিযোদ্ধা ফাতেমা বেগম, শ্রী মহাদেব সরকার, আবদুল মান্নান, নঈম উদ্দিন, মতিউর রহমান, নূর মোহাম্মদ ও জাকির হোসেন খান নামের ৭ জন মুক্তিযোদ্ধার বাড়ি নির্মাণের বরাদ্দ পাওয়া যায়। এ জন্য ব্যয় নির্ধারণ করা হয় ৫৯ লাখ ২১ হাজার ৫৭০ টাকা।
সখীপুর উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ কুদ্দুছ জানান, ‘বীর নিবাস’গুলো ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার। প্রতিটি বাসগৃহের নাম ‘বীর নিবাস’ রাখা হয়েছে। প্রতিটি বাসস্থানে থাকছে- দুটি শয়ন কক্ষ, একটি বসার কক্ষ, একটি রান্নাঘর এবং একটি বারান্দা। সবমিলিয়ে ফ্লোর এরিয়ার আয়তন ৫০০ বর্গফুট।
এছাড়া বাসস্থানের বাইরের দিকে রান্নাঘর সংলগ্ন একটি পাকা উঠান, টিউবওয়েল, টয়লেট, লাইভস্টক-শেড এবং পোল্টি শেডেরও ব্যবস্থা রাখা হয়েছে। তিনি জানান, নির্মাণাধীন বাড়িগুলোর কাজ দ্রুত এগিয়ে চলেছে। এ উপজেলা আরও ৪ জন ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণে বরাদ্দ পাওয়া গেছে। খুব শিগগিরই এসব বাড়ি নির্মাণের কাজ শুরু হবে।
টাঙ্গাইল জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পকে অধিকতর গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করা হচ্ছে’।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের কমান্ডার এম ও গণি বলেন, ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসস্থান নির্মাণসহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা গর্বিত, তিনি মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সরকার প্রধানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সখীপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম রফিকুল ইসলাম বলেন, ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসস্থান নির্মাণ প্রকল্পের লাল সবুজের একতলা ভবন ‘বীর নিবাস’ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অনন্য সাধারণ প্রকল্প।
সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য নানামুখী সুবিধা দিচ্ছেন, যা এ যাবত্কালের কোনো সরকার দিতে পারেনি।
উপজেলার বহেড়াতৈল গ্রামের বাসিন্দা এবং সখীপুরের একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা ফাতেমা বেগম জানান, তার থাকার জায়গা ছিল না। তার অবস্থা খারাপ দেখে সরকার তাকে এ ঘর নির্মাণ করে দিচ্ছে। এতে তিনি সন্তুষ্ট। একইভাবে ‘বীর নিবাস’ পাওয়া অন্য মুক্তিযোদ্ধারাও এ প্রতিবেদকের কাছে নিজেদের সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশের কথা জানিয়েছেন।
ইত্তেফাক/এএন
