এক যুগেরও বেশি সময় কারাগারে আটক চার ব্যক্তিকে আদালতে হাজির করেছে গাজীপুরের কাশিমপুর কারাগারের কর্তৃপক্ষ। হাইকোর্টের নির্দেশে রবিবার সকালে তাদের আদালতে হাজির করা হয়।
ঐ চার বন্দী হলেন-সেন্টু ওরফে কামাল, চাঁন মিয়া ওরফে কালু মিয়া, মকবুল হোসেন এবং বিল্লাল হোসেন।
বন্দীদের হাজিরের পর এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ আজ দুপুরে শুনানির জন্য দিন ধার্য করে দেন।
একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় রাজধানীর চারটি থানায় পৃথক চারটি হত্যা মামলা দায়ের করা হয়। এর মধ্যে উত্তরা থানার মামলায় মকবুল হোসেন ২০০০ সালের ৭ ফেব্রুয়ারি, তেজগাঁও থানার মামলায় বিল্লাল হোসেন ২০০২ সালের ২১ নভেম্বর, শ্যামপুর থানার মামলায় চাঁন মিয়া ২০০১ সালের ৭ ডিসেম্বর এবং মতিঝিল থানার মামলায় সেন্টু ২০০১ সালের ১৮ এপ্রিল গ্রেফতার হয়ে কারাগারে যান। এসব মামলায় ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। শুরু হয়েছে সাক্ষ্য গ্রহণও। কিন্তু পর্যাপ্ত সাক্ষী হাজির করতে না পারায় এখনো শেষ হয়নি বিচার কাজ। ফলে বিনা বিচারে ওই চার আসামি ১৪ থেকে ১৬ বছর যাবত কারাগারে আটক রয়েছেন।
এ নিয়ে সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা ও কুমার দেবলু দে। তরা আদালতে বলেন, ফৌজদারি মামলায় বিচার না হওয়ায় পৃথক চারটি মামলার চার আসামি বিনা বিচারে কারাগারে রয়েছেন ১৬ বছর ধরে। এভাবে বিনা বিচারে কারাগারে পড়ে থাকা অমানবিক। বিচার শেষে যদি তারা নির্দোষ প্রমাণিত হন তাহলে ওই সময়টা কে ফিরিয়ে দেবে? এ ব্যাপারে হাইকোর্টের হস্তক্ষেপ প্রয়োজন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট অন্তবর্তিকালীন আদেশের পাশাপাশি রুল জারি করে।
ইত্তেফাক/এএসএস
