অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপনচিত্রের প্রচার বন্ধ হয়েছে বলে জানিয়েছে টেলিভিশন চ্যানেলের বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের বৃহত্তম ঐক্য প্ল্যাটফর্ম ‘মিডিয়া ইউনিটি’। গতকাল ৩ ডিসেম্বর শনিবার দুপুরে ঢাকা ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এ খবর দেয়া হয়।
উল্লেখ্য, গেল ২ ডিসেম্বর শুক্রবার থেকে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধ করা হয়েছে বলে জানা গেছে। মিডিয়া ইউনিটির নেতারা জানিয়েছেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদের আন্তরিকতায় অবৈধ ডাউনলিংক চ্যানেল বন্ধ হয়েছে।
‘শিল্পে বাঁচি শিল্প বাঁচাই’ ব্যানারে গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত টেলিভিশন শিল্পী ও কলাকুশলীরা কেন্দ্রী শহীদ মিনারে সমাবেশে পাঁচ দফা দাবি তুলে ধরেন। যারমধ্যে ডাউনলিংক চ্যানেলের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধের দাবি ছিল অন্যতম। ওই সমাবেশে ১৫ ডিসেম্বরের মধ্যে বিদেশি সিরিয়াল বাংলায় ডাবিং করে প্রচার বন্ধেরও আলটিমেটাম দেয়া হয়েছে।
উল্লেখ্য, পহেলা ডিসেম্বর রাজধানীর গুলশানের হোটেল সিক্স সিজনস-এ আয়োজিত মিডিয়া ইউনিটির তৃতীয় সংহতি সভায় বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন পাচার বন্ধে দেয়া মিডিয়া ইউনিটির সুপারিশ খতিয়ে দেখতে বিটিভির মহাপরিচালককে প্রধান করে কমিটি গঠনের মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এছাড়া একই সভায় বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বিদেশে বিজ্ঞাপন প্রচারের নামে ৪শ কোটি টাকা চলে যাওয়া মেনে নেয়া যায় না। সমস্যা সমাধানেরও আশ্বাস প্রদান করেন।
এদিকে গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনেও এক প্রশ্নে এসব বিষয়ে খতিয়ে দেখা এবং দেশীয় শিল্পী সংশ্লিষ্টদের স্বার্থ রক্ষার বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন সরকার প্রধান শেখ হাসিনা। সেই সঙ্গে এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শিগগিরই পদক্ষেপ নেয়ার আহবানও জানান তিনি।
ইত্তেফাক/এমএআর
