নিজ দেশের সংস্কৃতির প্রতি অগাধ আস্থা তার। দৈনন্দিন জীবনে যখনই সম্ভব ভারতীয় রীতিনীতি মেনেও চলেন তিনি। অমৃতসরে 'হার্ট অফ এশিয়া কনফারেন্স' -এ যোগ দিতে গিয়ে আবারও তার প্রমাণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বর্ণ-মন্দিরের লঙ্গরখানায় নিজহাতে খাবার পরিবেশন করলেন তিনি।
শনিবার বিমানবন্দরে মোদীকে স্বাগত জানান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল ও তার ভাই উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল। এ সময় আরও ছিলেন তার স্ত্রী, তথা কেন্দ্রীয়মন্ত্রী হরসিমরৎ কাউরও।
এনডিটির খবর বলছে, অমৃতসর পৌঁছেই স্বর্ণ-মন্দিরে চলে যান মোদী। সেখানে আগে থেকেই হাজির ছিলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। পরস্পরকে আলিঙ্গনের পর উপহার বিনিময় করেন তারা।
এরপরই স্বর্ণ-মন্দিরের মাটিতে মাথা ঠেকান মোদী। চলে যান লঙ্গরখানায়। সেখানে বালতি হাতে সাধারণ মানুষকে খাবার পরিবেশন করেন।
অমৃতসরে দু’দিন ধরে চলবে হার্ট অফ এশিয়া সম্মেলন। সব গুঞ্জন উড়িয়ে এতে যোগ দিতে শনিবারই ভারতে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরতাজ আজিজ।
ইত্তেফাক/এএম
