বাহুবলে ধর্ষণের শিকার ওই ছাত্রীকে পরীক্ষায় অংশগ্রহণে অনুমতি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৫:০৩
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ‘খারাপ চরিত্রের’ অভিযোগ এনে এক স্কুলছাত্রীকে পরীক্ষায় অংশগ্রহণে বাধা দেয়ার পর স্কুল কর্তৃপক্ষ অবশেষে রবিবার তাকে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণে অনুমতি দিয়েছে।
 
জানা গেছে, ২০ জুলাই উপজেলার ভাদেশ্বর ইউনিয়নে দুই বখাটে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রী নিখোঁজ ছিল। পরে ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ তার বিরুদ্ধে ‘খারাপ চরিত্রের’ অভিযোগ এনে তাকে বিদ্যালয়ে রাখতে অস্বীকৃতি জানায় এবং ২০ নভেম্বর থেকে শুরু হওয়া চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয়ার জন্য ফি নিতেও অস্বীকৃতি জানায়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘রবিবার বেলা ১০টায় শুরু হওয়া ধর্ম শিক্ষা পরীক্ষায় ওই ছাত্রী অংশ নিয়েছে। আমরা শাহজালাল উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি যাতে সে বাকি পরীক্ষাগুলোতেও অংশ গ্রহণ করতে পারে।’
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী বলেন, ‘এরই মধ্যে অনুষ্ঠিত হওয়া বাকি তিনটি বিষয়ের পরীক্ষা যাতে সে দিতে সে ব্যাপারেও কর্তৃপক্ষ পদক্ষেপ নিবে।’ 
 
ইত্তেফাক/এএসএমইউ