অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়িপাড়া কলেজে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় আওয়ামীলীগ নেতারা। এ কারণে কলেজের শিক্ষা কার্যক্রম ও পরীক্ষা বন্ধ রয়েছে। এর প্রতিবাদে শনিবার সকালে ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে।
সরেজমিনে এলাকায় গিয়ে জানা যায়, কুড়িপাড়া কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে কলেজ কর্তৃপক্ষ। গত ২০ নভেম্বর এই অধ্যক্ষের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তাদির হোসেন বকুল তার পছন্দনীয় প্রার্থীকে নিয়োগ দেয়ার জন্য কলেজ কর্তৃপক্ষকে চাপ সৃষ্টি করে। কলেজ কর্তৃপক্ষ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে অধ্যক্ষের নিয়োগের সিদ্ধান্ত নিলে আওয়ামীলীগের নেতারা ক্ষুব্ধ হয়।
এ কারণে নিয়োগ পরীক্ষাটি স্থগিত ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ। নিয়োগ পরীক্ষা স্থগিত করার জের ধরে আওয়ামীলীগ নেতা মুক্তাদির হোসেন বকুল স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের নিয়ে গত ২১ নভেম্বর কলেজে এইচএসসি টেস্ট পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের বের করে দিয়ে কলেজের অধ্যক্ষ ও অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয়।
এরই এক পর্যায়ে গত ২৬ নভেম্বর কলেজের প্রতিটি কক্ষে তালা ঝুলিয়ে দিলে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। এ ঘটনায় ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাজুড়ে ক্ষোভ বিরাজ করছে। কলেজ খুলে দেয়ার দাবীতে শনিবার সকালে কলেজ চত্বরে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা।
ইত্তেফাক/এসএস
