যানজট নিরসনে রাজধানীতে আলাদা রুট

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৬:৫৯
সরকার প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে রাজধানীর যানজট নিরসনে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে মহাখালী পর্যন্ত দ্রুতগতির বাস সার্ভিস বা বিআরটি রুট নির্মাণ করতে যাচ্ছে।
 
বিশ্বব্যাংক এ প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়নে ইতিবাচক সাড়া দিয়েছে। আগামী মাসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিশ্বব্যাংকের একটি ফ্যাক্টস ফাইন্ডিং মিশন ঢাকায় আসছে।
 
মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি'র সাথে রবিবার বাংলাদেশ সফররত বিশ্বব্যাংকের ছয় সদস্যের একটি প্রতিনিধিদলের সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের একথা জানান।
 
এসময় মন্ত্রী বলেন, 'বাস র‌্যাপিড ট্রানজিট রুট-৩ হবে বিমানবন্দর থেকে কেরানীগঞ্জের ঝিলমিল পর্যন্ত। এ প্রকল্পটি ৩টি পর্যায়ে বাস্তবায়িত হবে। প্রথম পর্যায়ে বিমানবন্দর থেকে মহাখালী পর্যন্ত, ২য় ও ৩য় পর্যায়ে যথাক্রমে মহাখালী থেকে গুলিস্তান এবং গুলিস্তান থেকে ঝিলমিল পর্যন্ত।' তিনি জানান, প্রয়োজনীয় অর্থায়নের মাধ্যমে বিশ্বব্যাংক ১ম পর্যায়ের কাজ দ্রুত শুরু করতে চায়। বিশ্বব্যাংক বিআরটি রুট-৩ নির্মাণে ইতোমধ্যে সম্ভাব্যতা যাচাই এবং বিস্তারিত নকশা প্রণয়নে কাজ শেষ করেছে।
 
উল্লেখ্য, ঢাকা মহানগরীর জন্য প্রণীত দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনার আওতায় ইতোমধ্যেই বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বিআরটি রুট-৪ নির্মাণের কাজ শুরু হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার একথা বলা হয়। -বাসস।
 
ইত্তেফাক/এসএস