ডিসেম্বরেই ৯ম ওয়েজবোর্ড না হলে বৃহত্তর কর্মসূচি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ২১:৪১
রাজধানীতে সাংবাদিকদের অবস্থান কর্মসূচির সমাবেশে নেতারা বলেছেন, 'আসছে ৩১ ডিসেম্বরের মধ্যে ৯ম ওয়েজ বোর্ড গঠন করা না হলে জানুয়ারি মাসে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে দাবি আদায় করা হবে।'
  
আজ রবিবার সকালে সমাবেশে প্রিন্ট মিডিয়ার সঙ্গে ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াকে অন্তর্ভুক্ত করে নবম ওয়েজ বোর্ড ঘোষণা করার জন্য দাবি জানানো হয়।
 
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথভাবে এই অবস্থান কর্মসূচি পালন করে। জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিএফইউজে'র সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল।
 
ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজে'র মহাসচিব ওমর ফারুক, সহ-সভাপতি শহীদ উল আলম, কোষাধ্যক্ষ মধুসূদন মণ্ডল, ডিইউজের সভাপতি শাবান মাহমুদ, বিএফইউজের সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ডিআরইউর নবনির্বাচিত সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা,বাসসের ডেপুটি ইউনিট চীফ রুহুল গণি জ্যোতি, বিএফইউজে'র সাবেক কোষাধ্যক্ষ আতাউর রহমান, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ , ডিইউজের সাবেক সাংগঠনিক সম্পাদক নূরে জান্নাত সীমা প্রমুখ। -বাসস।
 
 
ইত্তেফাক/এসএস/এমআই