রাজশাহীতে চলছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৯:০৪
রাজশাহীতে চার দিনব্যাপী ১৪তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। এবারের উৎসবের স্লোগান রাখা হয়েছে 'মুক্ত চলচ্চিত্র মুক্ত প্রকাশ'।
 
নগরীর পাঠানপাড়া এলাকায় লালন শাহ্ উন্মুক্ত মঞ্চে রাজশাহী চলচ্চিত্র সংসদ (আরসিএস) এই উৎসবের আয়োজন করে। অধ্যাপক হাসান আজিজুল হক প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন।
 
আরসিএস-র সভাপতি আহসান কবিরের সভাপতিত্বে উৎসবে ঋত্বিক ঘটক চলচ্চিত্র সংসদের সভাপতি ড. এফ এম এ জাহিদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি ড. সাজ্জাদ বকুল বক্তব্য রাখেন।
 
উৎসবে দেশি বিদেশি ৫৫ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রতিদিন বিকেল সাড়ে ৫টা থেকে ৭ টা পর্যন্ত রাজশাহী লালন মঞ্চ এবং বড়কুটি মঞ্চে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রদর্শনী ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে।
 
নতুন প্রজন্মের মাঝে উদার বিশ্বাসের অনুপ্রবেশ ঘটাতে উৎসাহিত করার জন্য উৎসবের আয়োজন করা হয়েছে বলে আরসিএস-র সভাপতি আহসান কবির জানান। -বাসস।
 
ইত্তেফাক/এসএস