হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজের চারদিন পর অনুপ দাশ (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বিকালে উপজেলার হলিমপুর গ্রামের জ্যোতিময় দাশের বাড়ির সেফটিক ট্যাংকির ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর ( পশ্চিম ) ইউনিয়নের মৃত অন্তু দাশের ছেলে। এ ঘটনায় অনুপ দাশের সহপাঠী দিপংকর দাশ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
অনুপ দাশ ৩০ নভেম্বর রাতে হলিমপুর বাজারের নিজ দোকান থেকে বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়। বাড়ির লোকজন বিভিন্নস্থানে তাকে খোঁজাখুজি করে। পরে হলিমপুর গ্রামের ভুষণ দাশের দোকানের পাশে অনুপ দাশের চাদর ও সেনডেল পান। এ ব্যাপারে ১ ডিসেম্বর অনুপ দাসের মা উষা রানী নবীগঞ্জ থানায় সাধারণ ডায়রি করেন। রবিবার বিকালে নিখোঁজ কিশোর অনুপ দাশের লাশ হলিমপুর গ্রামের জ্যোতিময় দাশের বাড়ির সেফটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়।
ইত্তেফাক/ইউবি
