‘মার্সেল বিজয় দিবস পুরুষ ও মহিলা কুস্তিতে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মহিলা বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী।
রবিবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের নিচতলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ওয়ালটনের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান কর্মকর্তা মো. নিয়ামুল হক। উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনে সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান ও যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদসহ অন্যান্যরা।
বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতায় ৪টি দলের ১২০ জন নারী (৬০ জন) ও পুরুষ (৬০ জন) কুস্তিগীর অংশ নেয়।অংশ নেওয়া দল চারটি হচ্ছে- বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসার। পুরুষ ও মহিলা বিভাগে ৮টি করে ওজন শ্রেণিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পুরুষদের ৮টি ওজন শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তার মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ৮টি পদক জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ মোট ৮টি পদক নিয়ে রানার্স-আপ হয় বাংলাদেশ সেনাবাহিনী। ১টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ ৮টি পদক নিয়ে তৃতীয় হয় বাংলাদেশ পুলিশ।
ইত্তেফাক/এমএইচ
