কিশোরগঞ্জ জেলা বিএনপি : আলম সভাপতি মাজহার সম্পাদক

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৮:২৯
বিএনপির ময়মনসিংহ আঞ্চলিক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও পঁচা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফুল আলমকে সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে কিশোরগঞ্জ জেলা বিএনপির ৩৪ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
 
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির ঘোষণার কথা জানানো হয়। এছাড়া নব-গঠিত কমিটিকে ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়।
এ কমিটিতে সাবেক এমপি লায়লা বেগমকে প্রথম সহ-সভাপতি, খালেদ সাইফুল্লাহ সোহেলকে প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক ও হাজী মো. ইসরাইলকে প্রথম সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে শহীদুজ্জামান কাকনকে।
 
এদিকে জেলা বিএনপির কমিটি ঘোষণার খবরে রবিবার সকালে কিশোরগঞ্জ শহরে আনন্দ মিছিল করেছে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।
 
সকাল ১১টার গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ শেষে কালীবাড়ী মোড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় মিছিলকারীরা।
 
নব-নির্বাচিত সহ-সভাপতি আলী মোহাম্মদ, সাবেক সহ-দপ্তর সম্পাদক শিহাব উদ্দিন আহাম্মদ ফরহাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম প্রমুখ এ মিছিল সমাবেশে নেতৃত্ব দেন।
 
উল্লেখ্য, গত ২২ নভেম্বর শহরের অতিথি কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে কিশোরগঞ্জ জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 
 
 
ইত্তেফাক/এমআই