কুষ্টিয়ার মিরপুরে লাউ চাষে ২ বন্ধুর ঈর্ষণীয় সাফল্য

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ০০:৩০

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফায়ার সার্ভিস অফিসের পিছনে দিগন্তজোড়া ফুলবাড়ীয়া ইউনিয়নের শিয়ালমারী মাঠ। ওই মাঠে সরকারী কোন সহায়তা ছাড়াই আপান মোল্লা (৫২) ও আব্দুল কাদের মোল্লা (৫৪) নামের দুই বন্ধু এবার ১০ কাঠা জমিতে লাউয়ের আবাদ করে ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছেন।

 
আপান মোল্লা পৌরসভার ৪ নং ওয়ার্ডের মৃত শাবান মোল্লার ছেলে। আব্দুল কাদের মোল্লা উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের মৃত ক্ষুদি মোল্লার ছেলে। জমির মালিক আপান মোল্লা হলেও বন্ধু কাদের মোল্লাই মুলত লাউ চাষের মুল তদারকি করেন। কাদের মোল্লা জানান, কৃষক পরিবারে জন্ম তাই চাষকাজ তার প্রধান পেশা। প্রতি বছর বিভিন্ন ধরনের সবজী চাষ করলেও সবজির বাজার দর ভালো না থাকায় প্রতিবার আশাহত হয়েছেন। তবে এবার ১০ কাঠা জমিতে মাচা করে লাউয়ের আবাদে ফলন ও বাজার দর ভালো পেয়েছেন। পাশাপাশি আবহাওয়া ছিল অনুকুলে।
 
তিনি আরো জানান, লাউচাষ মূলত ৯০ দিনের। এই চাষে ১০ কাঠা জমি থেকে তিনি প্রতি সপ্তাহে ৩শত পিছ লাউ তুলে জমি থেকেই বিভিন্ন স্থানের পাইকারী ক্রেতাদের কাছে বাজার দরের তারতম্যভেদে প্রতিপিছ লাউ ২০-২৫ টাকা দরে বিক্রি করছেন।এ বছর লাউ চাষের আবাদে সাফল্য পাওয়ায় আগামীতে দুই বন্ধ অন্যান্য সবজী আবাদের পাশাপাশি ২ বিঘা জমিতে লাউ চাষ সম্প্রসারণ করবেন বলেও জানান।
 
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার রমেশ চন্দ্র ঘোষের সাথে আলাপ করলে তিনি জানান, আপান ও কাদের মোল্লার লাউ চাষের সাফল্য তাঁর জানা নেই। তবে তিনি সহসাই তাদের লাউ চাষের ক্ষেত পরিদর্শণ করবেন।
ইত্তেফাক/এএন