অস্থায়ী গেটম্যান বিল্লাল হোসেন মজুমদারকে গতকাল রবিবার সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মুজিবুল হক তার হাতে নগদ এক লাখ টাকা, পায়জামা, পাঞ্জাবি, টুপি ও লুঙ্গি তুলে দেন। নিজের জীবন বিপন্ন করে অন্যকে রক্ষা করার জন্য তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। জানা গেছে, গত ২১ নভেম্বর নারায়ণগঞ্জের চাষাড়া স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিং গেটে মামুন হোসেন নামে একজন পথচারী আত্মহত্যার উদ্দেশ্যে রেললাইনের উপর শুয়ে পড়েন। বিষয়টি দেখতে পেয়ে সেখানে কর্তব্যরত অস্থায়ী গেটম্যান বিল্লাল হোসেন মজুমদার জীবনের ঝুঁকি নিয়ে তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেন। রেলপথ মন্ত্রী বলেন, নিজের জীবন বাজি রেখে যে অন্যকে বাঁচালো সে শুধু রেলওয়ের নয় বরং দেশের গর্ব। মানুষের জীবন বাঁচিয়ে তিনি সকলের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবেন। এসময় বিল্লাল হোসেন মজুমদার তার চাকরি স্থায়ীকরণের আবেদন জানালে মন্ত্রী বয়সের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন, বিষয়টি বিশেষ বিবেচনার জন্য রাষ্ট্রপতি বরাবর আবেদন করা হবে। অথবা তার ছেলে বা মেয়েকে যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে বলে তিনি আশ্বাস দেন।
ইত্তেফাক/এএন
